আশুরায় যশোরে আলে রাসূল পাবলিকেশন্সের মানববন্ধন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পবিত্র মহররম মাসের তাৎপর্য এবং আশুরার গুরুত্ব প্রসঙ্গে গণসচেতনতা তৈরির লক্ষ্যে মানববন্ধন হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটায় প্রেসক্লাব যশোরের সামনে ‘আলে রাসূল পাবলিকেশন্স’-এর উদ্যোগে এই মানববন্ধন হয়।

আলে রাসূল পাবলিকেশন্সের প্রকাশক শাহবাজ আহম্মেদের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর শহরের মুড়লী ইমামবাড়ীর মাওলানা আবু মুসা, মাওলানা ইকবাল হোসেন, মাওলানা আলী হায়দার, আলহাজ ফিরোজ খানসহ ইমাম বাড়ীর অন্যান্য সদস্য ও সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, মহররম শুধু একটি মাসের নাম নয়; এটি সত্য ও অসত্যের সংঘর্ষের ইতিহাস, ত্যাগ ও আত্মোৎসর্গের মহাকাব্য এবং মানবতার মুক্তির জন্য রক্তে লেখা এক চিরন্তন বার্তা। ৬১ হিজরীর ১০ মহররম কারবালার প্রান্তরে জান্নাতী যুবকদের সর্দার, মহানবী (দ.)-এর প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন (আ.) ও তার পরিবার-পরিজন এবং সঙ্গী-সাথীদের নির্মম শাহাদাত মানব ইতিহাসের এক হৃদয়বিদারক অধ্যায়।