আর্জেন্টিনা–মিসর ম্যাচের মতোই রেফারিং চান ফ্রান্সের কোচ দেশম

0
'আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়'; কোয়ার্টার ফাইনালের আগে ফরাসি সংবাদমাধ্যমের সমালোচনা ওড়ালেন কোচ।। ছবি: সংগৃহীত
চলতি বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার রেফারিং এবং ভিএআর (VAR) নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও আলোচনা চলছে। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির বিরুদ্ধে কেউ কেউ প্রকাশ্যেই পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন।
তবে এই সমালোচকদের দলে নাম লেখাতে নারাজ ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ দিদিয়ের দেশম। বরং তিনি চান, আজ বাংলাদেশ সময় রাত দুইটায় কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচেও যেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সমমানের নিখুঁত রেফারিং বজায় থাকে। মরক্কোর বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘আশা করি, আমাদের রেফারিও মঁসিয়ে লেতেক্সিয়ের মতোই দক্ষ হবেন।’

এদিকে, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচের রেফারি প্যানেল নির্ধারণ নিয়ে ফুটবল অঙ্গনে নতুন করে বিতর্ক ছড়িয়ে পড়েছে। হাইভোল্টেজ এই ম্যাচের মূল পরিচালকসহ পাঁচ রেফারির সবাই আর্জেন্টিনার নাগরিক। কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পর থেকেই আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সের মাঠের লড়াইয়ে একধরনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। তাছাড়া, একই দেশ থেকে পাঁচজন রেফারি নিয়োগ দেওয়া নিয়েও ফুটবল প্রেমীদের মাঝে সমালোচনার ঝড় উঠেছে।

আসন্ন ম্যাচে মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার ফাকুন্দো টেলো। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার ম্যাচেও তিনিই রেফারির দায়িত্বে ছিলেন। টেলোর লাইনসম্যান হিসেবে কাজ করবেন তাঁর দুই স্বদেশি জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাড। এ ছাড়া ম্যাচটিতে চতুর্থ রেফারি হিসেবে রাখা হয়েছে আরেক আর্জেন্টাইন দারিও হেরেরাকে এবং ক্রিস্টিয়ান নাভারো থাকছেন রিজার্ভ সহকারী রেফারি হিসেবে।

কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে একই দেশের পাঁচজন রেফারি, বিশেষ করে আর্জেন্টিনার অফিশিয়ালদের দায়িত্ব দেওয়া নিয়ে ফরাসি সংবাদমাধ্যমগুলো তুমুল সমালোচনা করছে। তবে ফরাসিদের এই আশঙ্কা ও সমালোচনা উড়িয়ে দিয়ে কোচ দিদিয়ের দেশম স্পষ্ট করে বলেছেন, ‘আমি রেফারিদের পুরোপুরি বিশ্বাস করি। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়।’

বিশ্বকাপের বর্তমান সমীকরণ অনুযায়ী, গত আসরের মতো এবারও ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফরাসি শিবিরে রেফারি নিয়ে শঙ্কা থাকলেও দলের গোলরক্ষক রবিন রিসার গতকাল সংবাদ সম্মেলনে এই বিতর্ককে পাত্তা দেননি। তিনি জানান, ‘গত ফাইনাল ম্যাচটির পর থেকে আর্জেন্টিনার সঙ্গে আমাদের কিছুটা তিক্ততা রয়েছে সত্যি, তবে এটা খেলারই অংশ। যদি কোনো রেফারি বিশ্বমঞ্চে ম্যাচ পরিচালনার দায়িত্ব পান, তবে তিনি তাঁর যোগ্যতার কারণেই সেটি পেয়েছেন।’