আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার পথে ফিফা

0
বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়ানোয় ফিফার শাস্তির মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল।। ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে হারের পর চরম বিশৃঙ্খলা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ায় আর্জেন্টিনার ফুটবল দল ও দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
গত সপ্তাহে নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল শেষে ঘটে যাওয়া সংঘাতের ঘটনায় সপ্তাহব্যাপী তদন্ত শেষে এ সিদ্ধান্ত নিয়েছে ফিফার শৃঙ্খলা ও নৈতিকতাবিষয়ক দল।

ভিডিও ফুটেজ খতিয়ে দেখার পর ফিফা জানিয়েছে, শৃঙ্খলাবিধি অনুযায়ী অভিযুক্তদের নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। এরপর ফিফা শৃঙ্খলাবিধি কমিটি এ বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

মূলত ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্পেনের বদলি ফুটবলাররা মাঠে উদ্‌যাপনে নামলে তাঁদের মিডফিল্ডার গাভিকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং মুখে আঘাত করেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। একই সময় স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়াকেও আঘাত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

প্রসিকিউটরের দেওয়া রিপোর্টের ভিত্তিতে ফিফা এখন আর্জেন্টিনার ফুটবলার লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে ৩টি, নাহুয়েল মলিনার বিরুদ্ধে ২টি এবং সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে ১টি অভিযোগের তদন্ত চালাচ্ছে। ফিফার শৃঙ্খলাবিধির ১৪ নম্বর ধারার আওতায় তাঁদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।

পাশাপাশি খেলাড়সুলভ আচরণবিরোধী কর্মকাণ্ডের জন্য মলিনা, আর্জেন্টিনার থিয়াগো আলমাদা এবং স্পেনের মিডফিল্ডার গাভির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়সুলভ আচরণ ভঙ্গের জন্য কমপক্ষে ১ ম্যাচ এবং সরাসরি সংঘর্ষে জড়িত থাকার প্রমাণ মিললে সর্বনিম্ন ৩ ম্যাচের নিষেধাজ্ঞার বিধান রয়েছে।

ব্যক্তিগত শাস্তির বাইরে পুরো টুর্নামেন্টজুড়ে একের পর এক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও বড় আকারের আইনি ও রাজনৈতিক তদন্ত শুরু হয়েছে। এএফএ-র বিরুদ্ধে শৃঙ্খলাবিধির ১৩, ১৪, ১৫ ও ১৭ নম্বর ধারা লঙ্ঘনের অভিযোগ রয়েছে, যার মধ্যে বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, নির্ধারিত সময়ের পর খেলা শুরু করা, ম্যাচ ও দর্শকদের মাধ্যমে অনুপযুক্ত বার্তা প্রদর্শন এবং গ্যালারি থেকে বস্তু নিক্ষেপের মতো বিষয় অন্তর্ভুক্ত।

বিশেষ করে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়েরা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর দেশের মালিকানা দাবি করে একটি রাজনৈতিক ব্যানার প্রদর্শন করেন, যাতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল “ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার”।

ফিফা স্পষ্ট জানিয়েছে, ক্রীড়ামঞ্চকে রাজনৈতিক বা খেলাধুলাবহির্ভূত প্রচারণার কাজে ব্যবহার করা ফিফা বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এর আগে ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে একই ব্যানার দেখানোর অপরাধে আর্জেন্টিনাকে ২০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল।