আরও বেশি টেস্ট খেলার আকুতি রশিদ খানের

0

লোকসমাজ ডেস্ক॥ টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাসের অন্যতম সেরা বোলার আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। কুড়ি ওভারের ফরম্যাটে তার বিপক্ষে খেলা যেকোনো ব্যাটারের জন্যই বড় চ্যালেঞ্জের কাজ। তবে রশিদ নিজে চান, আরও বেশি করে টেস্ট ক্রিকেট খেলতে। ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্য পদ পেয়েছে আফগানিস্তান। এরপর থেকে দেশটি টেস্ট খেলেছে মাত্র ছয়টি। যার পাঁচটিতে ছিলেন রশিদ। সেই পাঁচ ম্যাচে চারবার ইনিংসে ৫ উইকেটসহ মোট ৩৪ উইকেট শিকার করেছেন সময়ের অন্যতম সেরা এই লেগস্পিনার। গত নভেম্বরে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট খেলার কথা ছিল আফগানদের। কিন্তু তালেবান শাসন শুরুর পর নারী ক্রিকেটের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায়, সেই টেস্ট বাতিল করে দেয় অস্ট্রেলিয়া। যা খুবই হতাশ করেছে রশিদকে। কেননা তার ইচ্ছা, বড় দলগুলোর বিপক্ষে বেশি বেশি টেস্ট খেলার।
শুক্রবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে এটি (অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট বাতিল) আপনাকে হতাশ করবেই। কারণ আপনি সবসময় বড় দলগুলোর বিপক্ষে খেলতে মুখিয়ে থাকেন। এখানে বিষয়টি হলো নিজের স্কিল বাড়ানো এবং নতুন জিনিস রপ্ত করা।’ বর্তমানে গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল খেলতে থাকা এ তারকা আরও বলেন, ‘আমরা সবাই অপেক্ষায় ছিলাম এই ম্যাচটির। কিন্তু মাঝেমাঝে সবকিছু আপনার পক্ষে থাকে না। আশা করি শিগগিরই এই সুযোগ পাবো। নিজের বোলিং নিয়ে ভালোভাবে জানতে অবশ্যই লম্বা স্পেলে বোলিং করতে চাইবেন। আশা করি সামনে সুযোগ সাবে।’ জাদুকরী লেগস্পিনের পাশাপাশি অতি নির্ভরযোগ্য একজন ফিল্ডার রশিদ খান। এছাড়া লোয়ার অর্ডারে ব্যাট হাতেও প্রায়ই খেলেন ক্যামিও ইনিংস। তবে ব্যাটিংয়ে তার সামর্থ্য আরও বেশি বলে মনে করেন রশিদ। তাই সামনে ব্যাট হাতেও ভালো করতে চান এ আফগান তারকা। রশিদের ভাষ্য, ‘আমার মনে হয়, আমি এখন যা আছি তার চেয়ে অনেক ভালো ব্যাটার হতে পারি। এই ডিপার্টমেন্টে আমার আরও দায়িত্ব দেওয়া উচিত। আমি নিজের ব্যাটিং নিয়ে কাজ করে যাচ্ছি। গত কয়েক বছরে ব্যাটিংয়েও আমার ওপর প্রত্যাশাটা বেশি। আমি জানি তা পূরণের স্কিল আমার আছে।’