আফজাল হত্যা : পরিচয় মিলেছে মিশনে অংশ নেওয়া সন্ত্রাসীদের, র‌্যাবের হাতে আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের নাজির শংকরপুরে আফজাল হত্যাকা-ে জড়িত পলাশ নামে আরও এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকেলে যশোর সদর উপজেলার হৈবতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। পলাশ শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। আটকের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্ত্রাসী পলাশ হত্যার সাথে জড়িত অন্যদের নাম প্রকাশ করেছে বলে র‌্যাব জানিয়েছে।
র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানিয়েছেন, আফজাল হত্যাকা-ের পর র‌্যাব সদস্যরা জড়িতদের আটকের জন্য তৎপর হন। এক পর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যার সাথে জড়িত পলাশকে বৃহস্পতিবার বিকেলে হৈবতপুর থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রধান আসামি ট্যারা সুজনের সাথে পূর্ব শত্রুতা ছিলো আফজালের। এর জের ধরে আফজালকে হত্যা করা হয়। এই হত্যার সাথে ট্যারা সুজন ও পলাশ ছাড়াও ঝুমঝুমপুর ময়লাখানার মিলন, শংকরপুরের বিপ্লব, রবি, বারান্দী বউবাজার মোড়ের শুভ, বারান্দীপাড়ার শুকুর, বকচরের জাহিদ, বকচর আলামিন মসজিদের পেছনের আশিক, সাকিব ও মোল্লাপাড়ার সিজানসহ আরও ৮/১০ জন জড়িত ছিল। তারা চায়ের দোকান থেকে আফজালকে ধরে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করেছিলো।
উল্লেখ্য গত ২৯ মে রাত সাড়ে ৭টার দিকে নাজির শংকরপুর চাতালের মোড়ের সিটি মডেল একাডেমির সামনে কুপিয়ে হত্যা করা হয় ওই এলাকার সলেমানের ছেলে আফজালকে (২৮)। নিহত আফজালও একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন।