আপিলকারী যশোরের ১০ প্রার্থীর ভাগ্য নির্ধারণ ১৩ জানুয়ারির মধ্যে

0
ছবি: সংগৃহীত।

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর জেলার বিভিন্ন সংসদীয় আসনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের শুনানি শুরু হয়েছে। শনিবার থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই শুনানি কার্যক্রম শুরু হয়, যা আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, যশোর-১ থেকে যশোর-৬ আসন পর্যন্ত বিভিন্ন দলের ও স্বতন্ত্র মিলে মোট ১০ জন প্রার্থীর আপিল শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় যশোর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামানের আপিল শুনানির মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়।

তালিকায় দেখা যায়, যশোর-২ এবং যশোর-৪ আসনে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হচ্ছে। যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জহুরুল ইসলাম ও মো. মেহেদী হাসান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদের শুনানি আগামী ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

যশোর-৪ আসনে জাতীয় পার্টির মো. জহুরুল হকের শুনানি ১১ জানুয়ারি এবং বিএনপি সমর্থিত প্রার্থী টি.এস. আইয়ুব ও স্বতন্ত্র প্রার্থী ফারহান সাজিদের শুনানি ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আপিলকারীদের মধ্যে জাতীয় পার্টির ৩ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ১ জন এবং স্বতন্ত্র হিসেবে ৫ জন প্রার্থী রয়েছেন। জাতীয় পার্টির প্রার্থীরা হলেন-মো. জহুরুল হক (যশোর-৪), এম. এ হালিম (যশোর-৫) এবং জি.এম হাসান (যশোর-৬)।

শনিবার স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামানের শুনানি সম্পন্ন হলেও চূড়ান্ত ফলাফলের জন্য তাকে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।