আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখার কার্যক্রমে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসনে, ছবি : সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও আদ্-দ্বীনের অন্যান্য শাখার কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মগবাজার শাখার বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা শুধু একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। একই ব্র্যান্ডের অধীনে পরিচালিত অন্য হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে, যদি তারা বিদ্যমান নিয়ম-কানুন অনুসরণ করে।

শিশু মৃত্যুর ঘটনা অত্যন্ত গুরুতর উল্লেখ করে মন্ত্রী বলেন, অক্সিজেন সংকট ও দায়িত্বে অবহেলার কারণে কয়েকটি শিশুর প্রাণহানি ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় চিকিৎসক, নার্স ও হাসপাতাল প্রশাসনের দায়িত্বহীনতা ছিল।

মন্ত্রী আরো বলেন, স্বাস্থ্যসেবা খাতে অবহেলা বা গাফিলতির কোনো সুযোগ নেই। রোগীর জীবন নিয়ে দায়িত্বহীন আচরণ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিকে জবাবদিহির আওতায় আসতেই হবে। সরকার এ ধরনের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবাব্যবস্থার সামগ্রিক মান নিয়ে অসন্তোষও প্রকাশ করে মন্ত্রী মন্তব্য করেন, দেশের স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত সেবার মান এখনো পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। এ জন্য চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের আরো দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।