আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতিটি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির

0
মগবাজার আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু; তদন্ত কমিটির রিপোর্টের পর লাইসেন্স বাতিল ।। ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রোববার এই তথ্য জানিয়ে আইনজীবী শিশির মনির বলেন, ভুক্তভোগী পরিবারের জন্য আগে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে।

শনিবারের ঘোষণার পর নতুন সংযোজন

এর আগে শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদে থাকার ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণা অনুযায়ী পরিবারগুলো যেসব সুবিধা পাবে —

আজীবন বিনামূল্যে চিকিৎসা: ভুক্তভোগী পরিবারের বাবা, মা, ভাই-বোন ও সন্তানরা আদ্-দ্বীন হাসপাতাল ও এর আওতাধীন প্রতিষ্ঠান থেকে ওষুধ ছাড়া সব ধরনের চিকিৎসা বিনামূল্যে পাবেন।

শিক্ষাসুবিধা: আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা পূরণ সাপেক্ষে বিনা বেতনে পড়ার সুযোগ থাকবে। মেডিকেল কলেজ বা অধিক ব্যয়বহুল শিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি বা টিউশন ফি মওকুফের ব্যবস্থা থাকবে।

চাকরির সুযোগ: পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী আদ্-দ্বীনে চাকরির সুযোগ দেওয়া হবে।