আজ শুভ বড়দিন

0

স্টাফ রিপোর্র্টার॥ আজ শুভ বড়দিন। দিনটি খ্রিস্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। দুই হাজার বছর আগে আজকের এই দিনে জেরুজালেমের বেথলেহেমে কুমারী মাতা মেরির কোলে জন্মগ্রহণ করেন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশে খ্রিস্টধর্মের অনুসারীরা বিভিন্ন ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বড়দিন পালন করেন। এদিন সকাল থেকেই গির্জায় গির্জায় প্রার্থনায় অংশ নেন ভক্তরা। উপহার প্রদান, সংগীত, বড়দিনের কার্ড বিনিময়, গির্জায় ধর্মোপাসনা, ভোজ এবং বড়দিনের বৃক্ষ, আলোকসজ্জা, মালা, মিসলটো, যিশুর জন্মদৃশ্য এবং হলি সমন্বিত এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী আধুনিককালে বড়দিন উৎসব উদযাপনের অঙ্গ।
বড়দিন উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। আলাদা বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রচলিত ইতিহাস অনুযায়ী, ২২১ খ্রিষ্টাব্দ থেকে এই দিনটিতে বড়দিন হিসেবে উদযাপন শুরু হয়। খ্রিস্টধর্মাবলম্বীদের বিশ্বাস, বিশ্বজুড়ে মানবিক বন্ধনকে দৃঢ় করা, পাপ ও অন্যায় থেকে মুক্তি, শোষণমুক্ত সমাজ এবং মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে মানুষের রূপ ধরে মহামতি প্রভু যিশুর আগমন ঘটে এই পৃথিবীতে।
যশোরে বিভিন্ন জায়গায় ১৩৯টি গির্জায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে খ্রিস্টান সম্প্রদায়। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ২৫ ডিসেম্বর অর্থাৎ বুধবার সকাল ৭টায় যশোরের সব গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হবে। এজন্য জেলার সব গির্জাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। আলোকসজ্জা করা হয়েছে গির্জাগুলোতে। ক্রিসমাস ট্রিও সাজানো হয়েছে। বানানো হয়েছে খ্রিস্টের জন্মের প্রতীক গোশালা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গির্জাগুলোর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
বড়দিনে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে পুলিশ। এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বড়দিন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ২৪ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত সকল প্রকার আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো।’
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।