আগ্রহ হারানোর শীর্ষে বাংলাদেশ ওয়েল্ডিং

0

লোকসমাজ ডেস্ক॥ গত সপ্তাহে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে বাংলাদেশ ওয়েল্ডিং। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এদিকে দাম কমে যাওয়ায পরও বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে চাননি। এতে সপ্তাহজুড়ে কোম্পানিটির লেনদেন হয়েছে তিন কোটি ৩১ লাখ ৮৯ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৮২ লাখ ৯৭ হাজার টাকা। অপরদিকে শেয়ারের দাম কমেছে ১০ দশমিক ৯৮ শতাংশ। টাকার অংকে প্রতিটি শেয়ারের দাম কমেছে ২ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ২৩ টাকা ৫০ পয়সা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ২৬ টাকা ৪০ পয়সা। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদ একসঙ্গে ২০১৮ ও ২০১৯ সালের সমাপ্ত বছরের লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। এর মধ্যে ২০১৮ সালের জন্য কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর ২০১৯ সালের জন্য এক শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানিটির এর আগের লভ্যাংশের ইতিহাসও ভালো না। ২০১৪ সালে বিনিয়োগকারীদের পাঁচ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিলেও ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি। ফলে দীর্ঘদিন ধরেই পুঁজিবাজারের পচা বা ‘জেড’ গ্রুপে অবস্থান করছে কোম্পানিটি।
বাংলাদেশ ওয়েল্টিংয়ের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির দাম কমেছে ৯ দশমিক ৭৬ শতাংশ। এর পরেই রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৭ দশমিক ৮৮ শতাংশ। এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৮২ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৫৫ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৭ দশমিক ২৩ শতাংশ, মেঘনা পেটের ৭ দশমিক ২২ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৭ দশমিক ১৪ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৭ শতাংশ এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৫৩ শতাংশ শেয়ার দাম কমেছে।