আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে জামায়াত-এনসিপি: রাশেদ খান

0
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ সংবাদদাতা ॥ বিএনপির প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন, জামায়াত ও এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের ঘোষণার মধ্য দিয়ে ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেছেন বিএনপি সরকার নাকি আওয়ামী লীগের চেয়েও বিরোধী দলের সঙ্গে খারাপ আচরণ করছে। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, জামায়াত ও এনসিপি এখন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে। তবে জনগণ তাদের এ প্রচেষ্টা মেনে নেবে না।

তিনি আরও বলেন, জামায়াত ও এনসিপির এমপিরা সংসদে সরকারি দলের সদস্যদের মতো সুযোগ-সুবিধা দাবি করছেন। অথচ দীর্ঘ ১৭ বছর জামায়াত তাদের কার্যালয়ের তালা খুলতে পারেনি। এখন তারা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। জনগণ সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না।

সংসদের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাশেদ খান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় ১১ দলীয় জোটের এমপিরা হট্টগোল ও বিরোধিতা করেছেন। একই সঙ্গে তারা গুমের বিষয়ে প্রশ্ন তুলছেন। একদিকে গুম কমিশনের মাধ্যমে বিচার দাবি করা হচ্ছে, অন্যদিকে সালাহউদ্দিন আহমেদের গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এটি জামায়াতের দ্বিমুখী অবস্থানের প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

এনসিপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক সম্পর্কের সমালোচনা করে তিনি বলেন, “এনসিপি যেদিন জামায়াতের সঙ্গে যুক্ত হয়েছে, সেদিন থেকেই তাদের রাজনৈতিক ধ্বংস শুরু হয়েছে। এখন অনেকে বলে ‘যাহাই জামায়াত, তাহাই এনসিপি।’”

তিনি অভিযোগ করেন, জামায়াত ও এনসিপি যৌথভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে এবং আওয়ামী লীগকে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। তবে দেশপ্রেমিক জনগণ এ ধরনের তৎপরতা বরদাস্ত করবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।