অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশে বিএসএফ সদস্য আটক

0
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোরে দহগ্রাম ইউনিয়নের ডাংগাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জওয়ানের নাম বেদপ্রকাশ, তিনি ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য।

বিজিবি সূত্রে জানা গেছে, আটকের সময় তার কাছে ব্যক্তিগত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি ছিল। বর্তমানে তাকে বিজিবির আঙ্গরপোতা বিওপিতে (বর্ডার আউটপোস্ট) রাখা হয়েছে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুয়াশার কারণে পথ ভুলে ওই বিএসএফ সদস্য গরু চোরাকারবারিদের তাড়া করতে গিয়ে বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ১০০ গজ অভ্যন্তরে ঢুকে পড়েন। বিষয়টি টের পেয়ে বিজিবির একটি টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

ঘটনা জানাজানির পর বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ওই জওয়ানকে দ্রুত ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে বিজিবি জানিয়েছে, বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি এবং আন্তর্জাতিক আইন অনুসরণ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।