অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: সুযোগ পেলেন জাকের ও মুশফিক হাসান

0
অনুশীলনে জাকের ও অমিত ।। ছবি: সংগৃহীত
আসন্ন অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চোটাঘাত ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় দলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। চোটে পড়ে প্রথম টেস্ট থেকে উইকেটকিপার-ব্যাটার লিটন দাস ছিটকে যাওয়ায় প্রায় এক বছর পর টেস্ট দলে ফিরেছেন জাকের আলী অনিক।

ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি বেশ ভালো ফর্মে ছিলেন জাকের। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দুটি চার দিনের ম্যাচে টানা তিন ইনিংসে ফিফটি করেন তিনি।

এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে একটি সেঞ্চুরিও হাঁকান। লিটন দাসের চোটের কারণেই মূলত ২০২৪ সালের অক্টোবরে অভিষেক হওয়া এই উইকেটকিপার ব্যাটারকে পুনরায় টেস্ট স্কোয়াডে ফেরানো হয়েছে। ৬ টেস্টের ক্যারিয়ারে ৩০.৬৩ গড়ে ৩৩৭ রান করা জাকেরের সর্বোচ্চ সংগ্রহ ৯১ রান।

দলে জায়গা করে নিয়েছেন অনভিষিক্ত পেসার মুশফিক হাসানও। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ডাক পেলেও খেলার সুযোগ হয়নি। অন্যদিকে চোটের কারণে আগেই অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়েন তরুণ গতি তারকা নাহিদ রানা।

ঘোষিত স্কোয়াডে বড় পরিবর্তন হিসেবে জাকেরের পাশাপাশি দলে ফিরেছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং পেসার মুশফিক হাসান।

অন্যদিকে সর্বশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান জয়, তাওহিদ হৃদয়, নাঈম হাসান ও রবিউল হক।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই সফরে সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন মেহেদী হাসান মিরাজ।

প্রথম টেস্টের বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও মুশফিক হাসান।