অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধের ঘটনায় কঠোর ব্যবস্থা: সচিবালয়ের ১৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

0
গত ১০ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন একদল কর্মচারী ।।ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সচিবালয় ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৪ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের এই নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা ১০ ডিসেম্বর উপদেষ্টাকে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখেন এবং পরদিন আন্দোলনে নামলে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো গত সোমবার অভিযুক্তদের বিরুদ্ধে পৃথক প্রজ্ঞাপন জারি করে এই সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করে। বরখাস্ত হওয়াদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৪ জন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই বিভাগের ৭ জন, তথ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের একজন করে রয়েছেন।

উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. বাদীউল কবির।

১০ ডিসেম্বর ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করছিলেন।  অর্থ উপদেষ্টার কার্যালয় অবরুদ্ধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরদিন আন্দোলনকারীদের আটক করে।

পরবর্তী সময়ে তাঁদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতরা বর্তমানে কারাগারে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী তাঁদের সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।