অভয়নগরের সেই ফুচকা দোকানি গ্রেফতার

0

নজরল ইসলাম মল্লিক, অভয়নগর (যশোর) ।।  যার দোকানের ফুচকা খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়েছেন তাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে মনির হোসেন নামে ওই দোকানিকে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।  সে ঢাকুরিয়া উত্তরপাড়ার আব্দুল লতিফ মিন্টুর ছেলে।

অভয়নগর থানার পরিদর্শক  (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ জানান, গত ৩১ মার্চ ঈদের দিন দেয়াপাড়া গ্ৰামের ভৈরব নদীর পূর্ব পাড়ে মনির হোসেন নামের এক ব্যক্তি চটপটি ও ফুচকার অস্থায়ী দোকান দেয়। নদীর পাড়ে ঘুরতে যাওয়া বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ফুচকা খায়। পরবর্তীতে গভীর রাত থেকে তারা পেট ব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করে। পরের দিন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বিষয়টি সোস্যাল মিডিয়ায় প্রচার ও চাঞ্চল্যকর হওয়ায় ফুচকা দোকানিকে আটকে অভিযান শুরু করে পুলিশ। সর্বশেষ গতকাল বুধবার রাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে ফুচকা বিক্রেতা মামুনকে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে তানজিম হোসাইন নামে একজন ভুক্তভোগী মামলা দায়ের করেন। এ মামলায় আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।