বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে নির্বাচনের বিকল্প নেই : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে চায়। যেখানে রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে। এর জন্য অতি দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের চাওয়া-পাওয়াগুলো নিশ্চিত করবে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), যশোর জেলা শাখা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শনিবার যশোর সদর উপজেলা বিএনপির সহযোগিতায় চাঁচড়া-ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি কখনোই ক্ষমতায় যাওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি করে না। বরং জনগণের সেবক হওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি করে। এ কারণেই জনগণের যেকোনো সংকটে বিএনপির প্রতিটি নেতাকর্মী তাদের পাশে দাঁড়ায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সীমাহীন নির্যাতন-নিপীড়নের মধ্যেও বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের প্রতিটি সংকটে তাদের পাশে ছিল। আমরা সবাই মিলে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আমাদের সন্তানরা বিপথে পরিচালিত হবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ড্যাব, যশোর জেলা শাখার সাবেক সভাপতি এস এম আবু আহসান লাল্টু, ড্যাব নেতা ওয়াদুল কাদির উজ্জ্বল, মেজবাহুর রহমান, ফারুক এহতেশাম পরাগ, শরিফুল আলম খান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল আলম প্রমুখ।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৫২০ জন রোগীকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করেন। এর মধ্যে ১৯ জনকে অপারেশনের জন্য বাছাই করা হয়। তাদের অপারেশনের যাবতীয় খরচ বিএনপির পক্ষ থেকে বহন করা হবে। এছাড়া, ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত সকল রোগীকে প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়।