অবশেষে মায়ের কাছে তারেক রহমান

0
দীর্ঘ ১৭ বছর পর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে প্রবেশ করছেন তারেক রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজনীতির মাঠ ও সংবর্ধনার মঞ্চ পেরিয়ে অবশেষে অসুস্থ মায়ের বুকে ফিরে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশ করেন। দীর্ঘ ১৭ বছর পর মা ও ছেলের এই পুনর্মিলন এক অভূতপূর্ব আবেগঘন দৃশ্যের অবতারণা করে।

এর আগে বিকেলে ৩০০ ফিট এলাকার বিশাল গণসংবর্ধনা সভায় তারেক রহমান তাঁর হৃদয়ের আকুতি প্রকাশ করে বলেছিলেন, “সন্তান হিসেবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে। কিন্তু তিনি (খালেদা জিয়া) যাদের জন্য জীবন উৎসর্গ করেছেন, সেই আপনাদের ফেলে আমি যেতে পারি না। তাই আগে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি।”

সংবর্ধনা শেষে তারেক রহমান লাল-সবুজের সেই বিশেষ বাসে করে সরাসরি হাসপাতালে পৌঁছান। হাসপাতালের গেটে আসার পর তিনি বাস থেকে নেমে হেঁটে ভেতরে প্রবেশ করেন। তাঁর পৌঁছানোর কিছু সময় আগেই স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান হাসপাতালে পৌঁছান।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই এভারকেয়ার হাসপাতাল এলাকায় ভিড় জমান হাজারো নেতাকর্মী। প্রিয় নেতার গাড়ি হাসপাতাল চত্বরে প্রবেশ করার সময় স্লোগান ও মিছিলে মুখরিত হয়ে ওঠে চারপাশ, যদিও হাসপাতালের শান্ত পরিবেশ বজায় রাখতে দলের পক্ষ থেকে আগে থেকেই কড়াকড়ি আরোপ করা হয়েছিল।