অপ্রতিম হত্যার বিচারের দাবিতে যশোরে এনসিপির বিক্ষোভ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ১৩ বছরের সন্তান অপ্রতিম হত্যার বিচার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা।

আজ রোববার বিকেলে শহরের জুলাই স্মৃতিস্তম্ভ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এনসিপির জেলা নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে এনসিপি যশোর জেলা শাখার আহ্বায়ক নুরুজ্জামান বলেন, “মাত্র ১৩ বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক।” অপ্রতিমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান। কোনো ধরনের প্রভাব, পক্ষপাত বা গাফিলতি যেন তদন্তকে বাধাগ্রস্ত না করে, সেটিও নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জেলা শাখার সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ বলেন, “অপ্রতিম হত্যাকাণ্ড আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। একটি শিশুর জীবন এভাবে ঝরে যাওয়া অত্যন্ত মর্মান্তিক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

এনসিপি যশোর জেলা শাখার আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ ও সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নাদিম, যুগ্ম আহ্বায়ক ইউসুপ আলী রিপন, যুগ্ম আহ্বায়ক জয়া জাকির, যুগ্ম সদস্য সচিব ফরহাদ হোসেন, যুগ্ম সদস্য সচিব মারুফ হাসান সুকর্ণ, সহ-সাংগঠনিক সম্পাদক বিএম আকাশ, দপ্তর সম্পাদক তপু ইসলাম ও প্রচার সম্পাদক ফাহিম আল ফাত্তাহ্সহ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুদের নিরাপত্তায় সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।