অজ্ঞান পার্টির কবলে পড়ে দেড় লক্ষাধিক টাকা খোয়ালেন গরু ব্যবসায়ী

0

নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ শার্শার বাগআঁচড়ায় অজ্ঞান পার্টির কবলে পড়ে দেড় লক্ষাধিক টাকা হারিয়েছেন আরশাফ আলী (৫০) নামের এক গরু ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার সকালে যশোর-সাতক্ষীরা রুটের যাত্রীবাহী একটি বাসে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগআঁচড়া জোহরা ক্লিনিকে পরে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন। পরে তার জ্ঞান ফিলে পরিবারের সাথে যোগাযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষ। আশরাফ আলী যশোরের ঝিকরগাছার বহরামপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, যশোর থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসে তিনি ঝিকরগাছা থেকে বাগআঁচড়ার সাতমাইল পশু হাটে গরু কিনতে যাচ্ছিলেন। বাস বাগআঁচড়ায় পৌঁছানোর পর সব যাত্রী নেমে গেলেও তিনি না নামায় বাসের শ্রমিক তার কাছে গিয়ে দেখেন তিনি অজ্ঞান অবস্থায় রয়েছেন। এ অবস্থায় স্থানীয়দের সহায়তায় তারা দ্রুত বাগআঁচড়া জোহরা ক্লিনিক পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। পারিবারিক সূত্রে জানা যায়, আশরাফ গরু কেনাবেচার ব্যবসা করেন। বাসে করে বাগআঁচড়া সাতমাইল পশুর হাটে গরু কিনতে গিয়েছিলেন। তার কাছে গরু কেনার এক লাখ ৬০ হাজার টাকা ছিল। পুরো টাকাই তার কাছ থেকে খোয়া গেছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, ঘটনাটি তার জানা নেই। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগও দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।