বিশ্ব মা দিবস : মায়েরা জনম দুঃখী হন-নীরব ত্যাগ আর ভালোবাসার অনন্ত গল্প

0

শিকদার খালিদ : মায়ের কষ্টের কোনো দিনপঞ্জি নেই। নেই নির্দিষ্ট কোনো ছুটি। সংসারের প্রতিটি ভাঙা স্বপ্ন, প্রতিটি অপ্রাপ্তি আর প্রতিটি সন্তানের হাসির আড়ালে লুকিয়ে থাকে এক একজন মায়ের নীরব ত্যাগের গল্প। তাই হয়তো কবিরা বারবার বলেছেন— “মায়েরা জনম দুঃখী হন।”
আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর নানা দেশে দিনটি নানা আয়োজনে পালিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে মায়ের সঙ্গে ছবি, শুভেচ্ছা আর ভালোবাসার বার্তা। কিন্তু বাস্তব জীবনের অসংখ্য মা আজও নিঃশব্দে যুদ্ধ করে যাচ্ছেন সংসার, দারিদ্র্য, সন্তান আর সময়ের সঙ্গে।
গ্রামের সেই মা, যিনি নিজের নতুন শাড়ির স্বপ্ন ত্যাগ করে সন্তানের বই কিনে দেন। শহরের সেই গৃহকর্মী মা, যিনি সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দিতে। কিংবা বৃদ্ধাশ্রমে অপেক্ষমাণ সেই মা, যিনি এখনো বিশ্বাস করেন— একদিন সন্তান তাকে নিতে আসবে। প্রতিটি গল্পের ভেতরেই লুকিয়ে আছে একই সত্য— মায়েরা নিজেদের জন্য খুব কমই বাঁচেন।
সমাজবিজ্ঞানীরা বলছেন, মা কেবল একটি সম্পর্ক নয়; এটি একটি নিরবচ্ছিন্ন দায়িত্ববোধ, আত্মত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসার নাম। সন্তানের অসুখে যে মানুষটি সবার আগে জেগে ওঠেন, সন্তানের সাফল্যে যিনি সবচেয়ে বেশি আনন্দ পান, আবার সন্তানের ব্যর্থতায় নিঃশব্দে চোখের জল ফেলেন- তিনি মা। বাংলাদেশের সমাজ বাস্তবতায় এখনো অসংখ্য মা অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার। কর্মজীবী মায়েরা পরিবার ও কর্মক্ষেত্র সামলাতে গিয়ে প্রতিদিন মানসিক চাপে থাকেন। অন্যদিকে নিম্নআয়ের পরিবারে বহু মা নিজের খাবারের অংশটুকুও সন্তানের জন্য তুলে দেন।
বিশেষজ্ঞদের মতে, মা দিবস কেবল আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানোর দিন নয়; বরং মায়ের প্রতি দায়িত্ব ও সম্মান পুনর্বিবেচনারও সময়। শুধু বছরে একদিন নয়, প্রতিদিনের আচরণে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করাই হওয়া উচিত সবচেয়ে বড় উদযাপন।
মা হয়তো কখনো তার কষ্টের হিসাব রাখেন না। কিন্তু সন্তানের জীবনের প্রতিটি অর্জনের পেছনে থাকে তার অগণিত না বলা ত্যাগ। তাই আজকের দিনে পৃথিবীর সব মায়ের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা।
কারণ সত্যিই-মায়েরা জনম দুঃখী হন। আর তাই পৃথিবীজুড়ে মায়ের প্রতি প্রশস্তিও কম নয়। আমাদের কবি কাজী কাদের নেওয়াজ যেমন বলেছেন-
‘মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই,
এর চেয়ে নামটি মধুর ত্রিভুবনে নাই।
সত্য ন্যায়ের ধর্ম থাকুক মাথার ‘পরে আজি
অন্তরে মা থাকুন মম ঝরুক স্নেহরাজি।’
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, ‘মা’ শব্দটি ছোট হলেও এর ব্যাপকতা অসীম।
তিনি বলেন, পরিবারে মা হচ্ছেন এক অপরিহার্য মহিমান্বিত প্রতিষ্ঠান। মহিয়সী মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। সুমাতার সহচার্যে সন্তানের উৎকর্ষতা ও প্রকৃত মানবসত্তার জাগরণ ঘটে, সন্তানের আত্মাকে করে নির্মল।
আজ রোববার ‘আন্তর্জাতিক মা দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে বিএনপি মহাসচিব বাংলাদেশসহ বিশ্বের সকল মায়ের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন।