স্থানীয় চিকিৎসাসেবার মান উন্নয়ন ও সমন্বয় জোরদারে শার্শায় পল্লী চিকিৎসকদের সমাবেশ

0
যশোরের শার্শায় নাভারণ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে শতাধিক পল্লী চিকিৎসকের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় স্বাস্থ্যসেবা সমন্বয়ের বিষয়ে আলোকপাত করা হয়।। ছবি: লোকসমাজ

নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ পল্লী চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে যশোরের শার্শা উপজেলার নাভারণ এলাকায়। নাভারণ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ক্লিনিকের সামনের প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নাভারণ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুস সামাদ কাশেমী, বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল কুদ্দুস ও মো. শাহাবুদ্দিন, শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন খান, নাভারণ প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক মাহবুবুল আলম শাহিন এবং পল্লী চিকিৎসক নজরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।

নাভারণ সেবা ক্লিনিকের উদ্যোগের অংশ হিসেবে মতবিনিময় সভায় উপস্থিত শতাধিক পল্লী চিকিৎসকবৃন্দ।। ছবি: লোকসমাজ

উক্ত মতবিনিময় সভায় শার্শা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক পল্লী চিকিৎসক সরাসরি অংশগ্রহণ করেন। এই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রান্তিক ও পল্লী চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ স্থাপন এবং চিকিৎসা সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়ের এক নতুন সুযোগ সৃষ্টি হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও চিকিৎসাসেবার সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের মধ্যে এ ধরনের নিয়মিত মতবিনিময় ও পারস্পরিক সমন্বয় জোরদারকরণ স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।