একই খেলাপি ঋণ, নীতি সহায়তায় ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ভিন্ন নিয়ম

ব্যাংকের গ্রাহককে মামলা প্রত্যাহার করতে হবে আগে, ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে মিলছে লিখিত সম্মতির সুযোগ

0
একই খেলাপি ঋণ, নীতি সহায়তায় ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ভিন্ন নিয়ম
এআই সহায়তায় তৈরি চিত্র- লোকসমাজ

শৈবাল রহমান : খেলাপি ঋণ আদায় ও দীর্ঘদিনের মামলাজট নিরসনে ঋণগ্রহীতাদের জন্য নীতি সহায়তার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ সহায়তা পেতে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির গ্রাহকদের জন্য অনুসরণ করা হচ্ছে ভিন্ন পদ্ধতি। ব্যাংকের ক্ষেত্রে মামলা প্রত্যাহার ও হলফনামা জমা দেওয়ার পর নীতি সহায়তার আবেদন বিবেচনার বিধান রয়েছে। অন্যদিকে ফাইন্যান্স কোম্পানির গ্রাহকদের ক্ষেত্রে ব্যবসার সম্ভাব্যতা যাচাই করে আগে নীতিগত সম্মতিপত্র দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এতে একই ধরনের ঋণসংকটে থাকা গ্রাহকদের ক্ষেত্রে নীতিগত বৈষম্য তৈরি হচ্ছে কি না, সেই প্রশ্ন উঠেছে।

ব্যাংকের ঋণগ্রহীতাদের জন্য জারি করা নির্দেশনা অনুযায়ী, সরকার, বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কোনো রিট বা অন্য মামলা অনিষ্পন্ন থাকলে তা প্রত্যাহার করতে হবে। এরপর মামলা প্রত্যাহারের তালিকা ও হলফনামা জমা দিলে নীতি সহায়তার আবেদন বিবেচনা করা হবে। কিন্তু মামলা প্রত্যাহারের আগে সহায়তা পাওয়ার বিষয়ে লিখিত নিশ্চয়তা দেওয়ার বিধান নেই। ফলে আইনি লড়াই থেকে সরে আসার পরও সহায়তা না পাওয়ার অনিশ্চয়তা থাকছে।

অন্যদিকে ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে আবেদন যাচাই ও ব্যবসার সম্ভাব্যতা মূল্যায়নের পর প্রস্তাব সন্তোষজনক হলে নীতিগত সম্মতিপত্র দেওয়ার বিধান রয়েছে। ওই সম্মতিপত্রের ভিত্তিতে মামলা প্রত্যাহার করা যাবে। হলফনামা জমা দেওয়ার পর অনুমোদিত নীতি সহায়তা বা প্রণোদনার শর্ত পরিবর্তন না করার নির্দেশনাও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ঋণ আদায় ও মামলাজট কমাতে এ ধরনের উদ্যোগ প্রয়োজনীয়। তবে মামলা প্রত্যাহারের আগে সহায়তার বিষয়ে লিখিত নিশ্চয়তা না থাকলে ঋণগ্রহীতারা নতুন ঝুঁকিতে পড়তে পারেন। এতে বন্ধ শিল্পকারখানা চালু করা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে আটকে থাকা অর্থ ফিরিয়ে আনার উদ্যোগও বাধাগ্রস্ত হতে পারে।

মামলায় আটকে প্রায় পৌনে দুই লাখ কোটি টাকা

ব্যাংকঋণ আদায়ের মামলা দীর্ঘদিন ধরে দেশের আর্থিক খাতের বড় সমস্যা। টাস্কফোর্স অন ইকোনমিক রিফর্মসের তথ্য উদ্ধৃত করে প্রকাশিত এক সম্পাদকীয়তে বলা হয়েছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অর্থঋণ আদালতে ৭২ হাজার ৫০০টির বেশি মামলায় ১ লাখ ৭৮ হাজার কোটি টাকারও বেশি অর্থ আটকে ছিল।

উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে বছরের পর বছর মামলা নিষ্পত্তি না হওয়ার নজিরও রয়েছে। জনতা ব্যাংক ও গ্রিন ট্যানারির ঋণসংক্রান্ত বিরোধ এর একটি উদাহরণ। ২০০৪ সালে শুরু হওয়া ১৮ কোটি টাকার ঋণ আদায়ের মামলাটি ২০২৬ সালেও নিষ্পত্তি হয়নি। দীর্ঘ ২২ বছরে মামলাটির শুনানি হয়েছে ১০৪ বার। ২০১৪ সালে উচ্চ আদালতে বিষয়টি চ্যালেঞ্জ করার পর ছয় মাসের স্থগিতাদেশ কার্যত প্রায় আট বছর পর্যন্ত গড়ায়। এতে ব্যাংকের পাওনা আদায় হয়নি, আবার ব্যবসাটিও প্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়াতে পারেনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ আদালতের স্থগিতাদেশের আওতায় থাকা ব্যাংকঋণের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা।

এ পরিস্থিতিতে খেলাপি ঋণ আদায়ে এককালীন নিষ্পত্তি, ঋণ পুনর্গঠন ও পুনঃতপশিলসহ বিভিন্ন নীতি সহায়তা দিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক। তবে কিছু ঋণগ্রহীতা এসব সুবিধার আবেদন করার পাশাপাশি সরকার, বাংলাদেশ ব্যাংক কিংবা সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে মামলাও চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে নীতি সহায়তা নেওয়া ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রবণতা বন্ধ করতেই নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

ব্যাংকের ক্ষেত্রে আগে মামলা প্রত্যাহার

২০২৬ সালের ২৯ জুলাই বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে সার্কুলার লেটার নম্বর ২৫ জারি করা হয়। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা নির্দেশনায় বলা হয়, সরকার, বাংলাদেশ ব্যাংক কিংবা সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কোনো রিট বা অন্য মামলা অনিষ্পন্ন থাকলে নীতি সহায়তা বা প্রণোদনা পেতে তা প্রত্যাহার করতে হবে।

মামলা প্রত্যাহারের পর সংশ্লিষ্ট মামলাগুলোর তালিকা জমা দিতে হবে। পাশাপাশি নন-জুডিসিয়াল স্ট্যাম্পে হলফনামা দিয়ে নিশ্চিত করতে হবে, সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ঋণগ্রহীতার কোনো মামলা অনিষ্পন্ন নেই।

অর্থাৎ, নীতি সহায়তার আবেদন বিবেচনার প্রক্রিয়ায় প্রবেশের আগেই ঋণগ্রহীতাকে আইনি বিরোধ থেকে সরে আসতে হচ্ছে। কিন্তু মামলা প্রত্যাহারের পর কত দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি হবে, কী মানদণ্ডে সহায়তা অনুমোদিত হবে কিংবা আবেদন প্রত্যাখ্যাত হলে ঋণগ্রহীতার করণীয় কী—এসব বিষয়ে সার্কুলারে বিস্তারিত নির্দেশনা নেই।

ফলে মামলা প্রত্যাহারের পরও সহায়তা না পাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। বিশেষ করে কোনো ঋণগ্রহীতা মামলা প্রত্যাহারের পর নীতি সহায়তার অযোগ্য বিবেচিত হলে তাঁর আইনি অবস্থান কী হবে, সে বিষয়ে স্পষ্ট সুরক্ষা না থাকায় প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন উঠেছে।

ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে আগে নীতিগত সম্মতি

ব্যাংকের গ্রাহকদের জন্য নির্ধারিত পদ্ধতির বিপরীতে ফাইন্যান্স কোম্পানির ঋণগ্রহীতাদের জন্য তুলনামূলক ভিন্ন ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ব্যাংক।

২০২৬ সালের ১৭ আগস্ট ফাইন্যান্স কোম্পানি প্রবিধি ও নীতি বিভাগ থেকে সার্কুলার লেটার নম্বর ১৬ জারি করা হয়। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারার ভিত্তিতে জারি করা এ নির্দেশনার লক্ষ্যও নীতি সহায়তা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার প্রবণতা বন্ধ করা।

তবে এখানে প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সাজানো হয়েছে। প্রথমে ঋণগ্রহীতার আবেদন ও ব্যবসার ভবিষ্যৎ সম্ভাবনা যাচাই করবে সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি। প্রস্তাব সন্তোষজনক হলে প্রতিষ্ঠানটি নীতিগত সম্মতিপত্র দেবে। এরপর ওই সম্মতিপত্রের ভিত্তিতে মামলা প্রত্যাহার করে প্রয়োজনীয় হলফনামা ও মামলার তালিকা জমা দিতে হবে।

এ ক্ষেত্রে হলফনামা পাওয়ার পর অনুমোদিত নীতি সহায়তা বা প্রণোদনার শর্ত পরিবর্তন করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ রয়েছে। ফলে মামলা প্রত্যাহারের আগেই ঋণগ্রহীতা সহায়তার বিষয়ে একটি লিখিত ভিত্তি পাচ্ছেন।

দুটি সার্কুলারের মূল পার্থক্য এখানেই। ব্যাংকের ক্ষেত্রে মামলা প্রত্যাহারের পর নীতি সহায়তার আবেদন মূল্যায়নের সুযোগ রয়েছে। ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে আগে আবেদন যাচাই ও নীতিগত সম্মতি, পরে মামলা প্রত্যাহার। ফলে ব্যাংকের ঋণগ্রহীতাকে তুলনামূলক বেশি অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

ব্যাংকারদের একাংশের সমর্থন, বিশেষজ্ঞদের পুনর্বিবেচনার পরামর্শ

এ বিষয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত সঠিক। বছরের পর বছর ঋণের টাকা ফেরত না পেয়ে বাধ্য হয়েই ব্যাংকগুলো মামলা করে।

তিনি বলেন, ‘এখন তাদের যদি অতিরিক্ত ছাড় দেওয়া হয়, তাহলে খেলাপি গ্রাহকরা হয়তো ব্যাংকের টাকা ফেরত দেওয়ার বিষয়ে আরও গড়িমসি করতে পারেন। যদি ব্যবসা করতে হয় তাহলে তাকে অবশ্যই ব্যাংকের কাছে আসতেই হবে।’

মোসলেহ উদ্দিন আহমেদ আরও বলেন, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক হয়তো এ কারণে বিবেচনা করেছে যে, ঋণের চাপে থাকা এসব প্রতিষ্ঠানকে সময় দেওয়া হলে তারা অন্তত কিছু অর্থ আদায় করতে পারবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম বলেন, ঋণ আদায়ই কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার দুটির প্রধান উদ্দেশ্য। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য পৃথক সার্কুলার জারি করা যেতে পারে। ব্যাংকগুলো দীর্ঘমেয়াদি অর্থায়ন করে বলে তাদের জন্য আলাদা নির্দেশনার বিষয়টি বিবেচনায় আসতে পারে।

তিনি বলেন, দুটি সার্কুলার জারির সময়ের মধ্যেও পার্থক্য রয়েছে। প্রথম সার্কুলার জারির সময় হয়তো বিবেচনা করা হয়েছিল, আগে মামলা প্রত্যাহার ও হলফনামা জমা দেওয়ার পর ঋণসংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। পরে আর্থিক প্রতিষ্ঠানের জন্য সার্কুলার জারির সময় প্রক্রিয়াটি কিছুটা শিথিল করা হয়েছে।

ড. এজাজুল ইসলাম আরও বলেন, ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে এ বিষয়ে আপত্তি বা উদ্বেগ জানানো হলে বাংলাদেশ ব্যাংক বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘দুটি প্রতিষ্ঠান আলাদা, তাই সার্কুলারও আলাদা হতে পারে। কিন্তু একই ধরনের ঋণখেলাপির ক্ষেত্রে দুটি সার্কুলারে দুই রকম নির্দেশনা কেন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, তা আমার জানা নেই।’

এ বিষয়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের সঙ্গে কথা বলে পরে জানাবেন বলে জানান তিনি।

প্রণোদনা তহবিলেও গতি ফেরেনি

অর্থনীতিকে গতিশীল করা ও শিল্প খাতে অর্থের প্রবাহ বাড়ানোর লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে শিল্পোদ্যোক্তাদের সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ দেওয়ার কথা। এর মাধ্যমে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যও নির্ধারণ করা হয়েছিল।

তবে প্রণোদনা প্যাকেজ ঘোষণার পরও শিল্প খাতের সংকট কাটেনি। জ্বালানিসংকটসহ বিভিন্ন সমস্যায় শিল্পকারখানাগুলো চাপে রয়েছে। প্যাকেজ ঘোষণার চার মাস পরও তহবিল বিতরণে প্রত্যাশিত গতি না থাকায় শর্ত শিথিল ও সুদের হার কমিয়ে ঋণ বিতরণ বাড়ানোর উপায় খুঁজছে কেন্দ্রীয় ব্যাংক।

এ অবস্থায় নীতি সহায়তা পেতে মামলা প্রত্যাহারের ক্ষেত্রে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির জন্য অনুসৃত ভিন্ন পদ্ধতি নতুন করে আলোচনায় এসেছে। খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি ব্যবসা পুনরুজ্জীবিত করা ও কর্মসংস্থান ধরে রাখাও যদি নীতি সহায়তার লক্ষ্য হয়, তাহলে মামলা প্রত্যাহারের আগে লিখিত নীতিগত সম্মতির মতো সুরক্ষা ব্যাংকের ঋণগ্রহীতাদের ক্ষেত্রেও রাখা হবে কি না, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।