আর্জেন্টিনার জয়ের উল্লাসে পান খেয়ে অসুস্থ হয়ে সমর্থকের মৃত্যু শৈলকুপায়

0

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) : মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাসের মধ্যেই ঝিনাইদহের শৈলকুপায় রসুল উদ্দীন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি আর্জেন্টিনা ও লিওনেল মেসির একনিষ্ঠ সমর্থক এবং পেশায় ভ্যানচালক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ম্যাচের শুরুতে মিশর ২-০ গোলে এগিয়ে গেলে হতাশ হয়ে রসুল উদ্দীন বাড়ি ফিরে যান। পরে আর্জেন্টিনা দুই গোল শোধ করে সমতায় ফিরলে তিনি আবার খেলাস্থলে এসে সমর্থকদের সঙ্গে উল্লাসে যোগ দেন। এ সময় জর্দা দিয়ে পরপর তিনটি পান খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

উপস্থিত লোকজন দ্রুত তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রসুল উদ্দীন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।