রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় ফুলবাড়ীয়ার যুবক নিহত

তিনি রাশিয়ার পক্ষে ভাড়াটে সৈনিক হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে

0

লোকসমাজ ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আব্দুর রহিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি রাশিয়ার পক্ষে ভাড়াটে সৈনিক হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

নিহত আব্দুর রহিম ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি গত বছর রাশিয়ায় যান। তার বাবা আজিজুল হক পুটিজানা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি।

পুটিজানা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. আফরোজা আক্তার আব্দুর রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নামটি শুনলেই বুক কেঁপে ওঠে। আব্দুর রহিম আমার আত্মীয়। আমরা চাই সরকার দ্রুত তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করুক।”

জানা গেছে, গত ২ মে রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় দুই বাংলাদেশি ও এক নাইজেরীয় নাগরিক নিহত হন।

নিহতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার আব্দুর রহিম এবং কিশোরগঞ্জের রায়গঞ্জ উপজেলার রিয়াদ রশিদ (২৮)। একই ঘটনায় লিমন দত্ত নামে আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। হামলায় তিনি একটি পা হারিয়েছেন বলে জানা গেছে।