কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয়জনের পরিচয় মিলেছে

0
কক্সবাজারের ইনানীতে আগুনে পুড়ে যাওয়া রির্সোট।। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে কাঠের তৈরি একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তিরা সবাই পর্যটক। তাঁদের মধ্যে পাঁচ নারী ও এক শিশু রয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন টুপটুপ রিসোর্টে আগুন লাগে। এ ঘটনায় আরও ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডের আগে কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন কাঠের তৈরি ‘টুপটুপ’ রিসোর্টের পূর্ব দৃশ্য।। ছবি: সংগৃহীত

নিহত ব্যক্তিরা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মাহমুদ সোহেল তাঁদের পরিচয় নিশ্চিত করেছেন।

দগ্ধ ছয়জন হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। তাঁরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার সকালের অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হওয়া উখিয়ার ইনানীর ‘টুপটুপ’ রিসোর্টের ধ্বংসাবশেষ।। ছবি: সংগৃহীত

স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে সাতটার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ছয়জনের মরদেহ উদ্ধার করেছেন। দগ্ধ আরও ছয়জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিরা সবাই পর্যটক।

জেলা প্রশাসক বলেন, রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।