খুলনায় ট্রাক ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৮

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ খুলনা নগরীতে একটি নিয়ন্ত্রণহীন ট্রাক ও দুটি ইজিবাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর তিনটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের হরিণটানা থানা এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পাইকগাছার হরিদাসকাটি এলাকার বাসিন্দা তাপস হোর (৬০) এবং সনাতনকাটি এলাকার দিদার আহমেদ (৪৫)। নিহতদের মধ্যে একজন ইজিবাইকের চালক এবং অন্যজন যাত্রী ছিলেন। এই ঘটনায় আরও অন্তত ৭/৮জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে যাওয়া সাতক্ষীরাগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৩-০৯১২) পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইককে সজোড়ে ধাক্কা দেয়। একই সময় পেছন থেকে আসা আরেকটি ইজিবাইকও দুর্ঘটনাকবলিত যানগুলোর সাথে ধাক্কা খায়। দুটি ইজিবাইকই ট্রাকের নিচে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছায় লবণচরা ও হরিণটানা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। স্থানীয়দের সহায়তায় তারা আহতদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত দুজনের মরদেহও ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হরিণটানা থানায় এই বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।