মোংলায় জমি দখল চেষ্টার অভিযোগ, বিতর্কিত ভূমিকা এক পুলিশ কর্মকর্তার

বৈধভাবে কেনা জমি নিয়ে নতুন বিরোধ

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলা শহরতলির চৌকিদারের মোড় এলাকায় একটি মার্কেট ও বিপুল পরিমাণ জমি জবর দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। জমির বৈধ মালিকপক্ষের দাবি, একটি কুচক্রি মহল পুলিশের এক এএসআইয়ের সহযোগিতায় ওই সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী মৌজার চৌকিদারের মোড় এলাকায় ব্যবসায়ী ইস্রাফিল হাওলাদার ২০২০ সালে বৈধভাবে একটি মার্কেটসহ মোট ১ একর ৭৬ শতক জমি ক্রয় করেন। এর মধ্যে স্থানীয় কৃষ্ণপদ মন্ডলের (বিশ্বাস) কাছ থেকে ১ একর ৪৩ শতক ও বিনয় মন্ডলের কাছ থেকে ৩৩ শতক জমি দলিল কেনা হয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। এমনকি ওই জমির একটি অংশ পরবর্তীতে অন্যদের কাছেও বিক্রি করা হয়েছে। সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে লোকজন বসবাস করছেন।
কিন্তু সম্প্রতি একটি প্রভাবশালী মহল জমি ও মার্কেটটির ওপর দৃষ্টি দেয় বলে অভিযোগ উঠেছে। জমির মালিকপক্ষের দাবি, স্থানীয় নরোত্তম মন্ডল ও আলামিন খাঁ নিজেদের ওই জমির অংশীদার দাবি করে বিভিন্ন মহলে অভিযোগ দাখিল করেন। এ নিয়ে একাধিকবার থানা পুলিশ ও স্থানীয় শালিস-বৈঠক হলেও চক্রটি তাদের দাবির পক্ষে কোনো বৈধ প্রমাণ দেখাতে ব্যর্থ হয়।
জমির মালিক ইস্রাফিল হাওলাদারের কেয়ারটেকার মো. তাজুল ইসলাম অভিযোগ করে বলেন, বিভিন্নভাবে ব্যর্থ হয়ে এখন প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছে। সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরে মোংলা থানার এএসআই সুব্রতের উপস্থিতিতে জমি মাপার নামে ওই সম্পত্তি জবরদখল ও স্থাপনা নির্মাণের চেষ্টা চালানো হয়। এ সময় উত্তেজনার সৃষ্টি হলে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমানের নির্দেশে পুলিশ কর্মকর্তা ও দখলদাররা পিছু হটতে বাধ্য হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোংলা থানার এএসআই সুব্রত জমি দখলের চেষ্টার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, সেখানে কোনো দখল নয়, বরং জমি পরিমাপের সময় শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই আমি অবস্থান করছিলাম।