যশোর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকসহ ৩ জনকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ

0
jashore education board

বিশেষ প্রতিনিধি, লোকসমাজ : প্রশ্নপত্র বণ্টন সংক্রান্ত গোপনীয় কাজের দায়িত্বে অবহেলার অপরাধে যশোর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকসহ ৩ জনকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

নোটিশ প্রাপ্তরা হলেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুজিবুল হক, সেকশন অফিসার রাইদুল ইসলাম এবং কর্মচারী আবু দাউদ।
সূত্রমতে, পাবলিক পরীক্ষার প্রশ্ন বিজি প্রেস থেকে ছাপানোর পর বোর্ড তা গ্রহণ করে। পরে কেন্দ্র অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা মোতাবেক বিষয়ভিত্তিক খামে আলাদা করে সিলগালা করা হয়। খামের ওপর লিখিত কেন্দ্র ও বিষয়ের ভিত্তিতে তা বাক্সভর্তি করে জেলা প্রশাসন থেকে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জেলার নাজিরখানায় পাঠানো হয়। পরবর্তীতে জেলা নাজিরখানায় গিয়ে সংশ্লিষ্ট এলাকার কেন্দ্র সচিবগণ ম্যাজিস্ট্রেট ও বোর্ড প্রতিনিধির উপস্থিতিতে শিক্ষার্থী সংখ্যা অনুপাতে ও বিষয়ভিত্তিক প্রশ্ন সংখ্যা খামে লেখার ভিত্তিতে ঠিক আছে কি না যাচাই করেন।

প্রতিবারের মতো এবারও এমন মিল করার সময় (সর্টিং) এক বাক্সে খামের সংখ্যা বেশি ও অন্য বাক্সে কম এমন কিছু গড়মিল কর্তৃপক্ষের নজরে আসে। প্রশ্ন ফাঁস বা এক খামের ভেতর অন্য খামের প্রশ্ন যাওয়ার ব্যাপার না থাকলেও, কোনো বাক্সে খাম কম বা কোনো বাক্সে খাম বেশি হওয়ার মতো দায়িত্বহীন ঘটনা ঘটেছে একটি জেলার ট্রেজারিতে। এ প্রেক্ষিতে ওই জেলার জন্য দায়িত্বপ্রাপ্ত ওই ৩ জনকে যথাযথ উত্তর ও কারণ ব্যাখ্যার জন্য এই শোকজ করা হয় বলে সূত্র জানায়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম শোকজের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি নিতান্তই অভ্যন্তরীণ শৃঙ্খলাগত বিষয়। বোর্ড কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ কাজকে যথাযথভাবে সম্পন্ন করার জন্য এ জাতীয় কাজ করেই থাকে। যেকোনো দায়িত্ববানের দায়িত্ব পালনে অবহেলা পরিলক্ষিত হলে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, এখানেও তাই করা হয়েছে। আর যাই ঘটুক, চলতি এসএসসি পরীক্ষায় এ জাতীয় ত্রুটিতে কোনো ক্ষতি হবে না; শিক্ষার্থীদের বা পরীক্ষা গ্রহণেরও কোনো ক্ষতি হবে না। এটি কেন্দ্র সচিব ও বোর্ড কর্তৃপক্ষের দায়িত্ব আরও সুচারুভাবে পালনের পথ দেখাবে।