কেন মাকে হত্যা স্কুল শিক্ষক ছেলের ?

দুই বিয়ে ভাঙার ক্ষোভ,

0

যশোরে পাঁচ বছর পর বাড়ি ফিরে মাকে হত্যা করলেন এক স্কুলশিক্ষক। সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বাজেদুর্গাপুর গ্রামে বৃহস্পতিবার বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম (৫৮) অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মো. মামুনুর রশিদ ওরফে মামুন পালিয়ে গেছেন।

স্বজনদের ভাষ্য, প্রায় পাঁচ বছর বাড়ির বাইরে থাকার পর বৃহস্পতিবার নিজ বাড়িতে ফেরেন লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন। বাড়ি ফেরার কিছুক্ষণ পর পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ধারালো বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, মামুনের আগের দুটি বিয়ে ভেঙে যাওয়ার জন্য তিনি মাকে দায়ী করতেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে মা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। এছাড়া মানসিক সমস্যার কারণে কয়েক বছর আগে তিনি পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন।