যশোর কারবালা জামে মসজিদ উন্নয়নে ১ কোটি ৭৮ লাখ টাকার প্রাক্কলন অনুমোদন

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ: যশোরের ঐতিহ্যবাহী কারবালা জামে মসজিদের সার্বিক উন্নয়ন কাজে ১ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার ৬৪৬ টাকার প্রাক্কলন অনুমোদন করা হয়েছে।

সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকল্প পরিচালক মো. আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক সরকারি পত্রে যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে এ অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সরকারি নথি অনুযায়ী, মসজিদটির অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে অনুমোদনপত্রে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে দরপত্র আহ্বানের আগে কাজের দ্বৈততা রয়েছে কি না তা যাচাই, অবকাঠামোগত নকশা, মাটির কাজের পরিমাণ এবং প্রকল্প এলাকার অবস্থান মাঠ পর্যায়ে যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) অনুসরণ করে ই-জিপি ব্যবস্থার মাধ্যমে এলটিএম পদ্ধতিতে দ্রুত দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকল্প পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পের ভৌত ও আর্থিক অগ্রগতির তথ্য নিয়মিত অনলাইন মনিটরিং সফটওয়্যারে হালনাগাদ করতে হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন এবং নির্মাণকাজের গুণগত মান বজায় রাখার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে কারবালা জামে মসজিদের উন্নয়নের জন্য এই অর্থ বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। এর আগে তিনি সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় যশোর জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশানের উন্নয়নেও আর্থিক সহায়তা নিশ্চিত করেন।