যশোরে যুবলীগ নেতা মুনসুর আলম আটক

রামনগর মিছিল মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরের উপশহর এলাকার যুবলীগ নেতা মুনসুর আলমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৯ আগস্ট) দিবাগত রাত প্রায় ৩টার দিকে মনিরামপুর উপজেলার একটি আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক মুনসুর আলম যশোর শহরের উপশহর সি-ব্লক এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশের এসআই বাবলা দাস জানান, সম্প্রতি যশোরের রামনগর এলাকায় অনুষ্ঠিত একটি মিছিলকে কেন্দ্র করে কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় মুনসুর আলম এজাহারভুক্ত আসামি।

পুলিশের জানিয়েছে, মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এ সময় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে রোববার রাতে মনিরামপুরে অভিযান চালানো হয়। অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।

আটকের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।