১৯ বছর পর পূর্ণতা পাচ্ছে যশোর করোনারি কেয়ার ইউনিট, প্রধানমন্ত্রীর নির্দেশ

0
যশোর করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফাইল ফটো

মাসুদ রানা বাবু, লোকসমাজ :  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপির আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরবাসীর জন্য করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়টি পুনর্ব্যক্ত করেন। এ সময় উপস্থিত স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে ইউনিটটি চালুর লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

জাতীয় সংসদের অনিন্দ্য ইসলাম অমিত
গত ১০ এপ্রিল জাতীয় সংসদে অনিন্দ্য ইসলাম অমিত

এর আগে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর করোনারি কেয়ার ইউনিট চালুর দাবি তুলে বলেন,
“বিল্ডিং হলো, বাক্স ভর্তি মেশিন আসলো; কিন্তু সরকারের পালাবদলে ১৯ বছরেও সেই মেশিনের বাক্স খোলা হয়নি। ফলে এই দীর্ঘ সময়ে ঢাকা কিংবা খুলনায় নেওয়ার পথে হৃদরোগে আক্রান্ত বহু রোগীকে জীবন হারাতে হয়েছে। আমি আশা করি, ভবিষ্যতে এ অঞ্চলের কোনো মানুষকে উন্নত চিকিৎসার জন্য পথে জীবন দিতে হবে না।”
যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, “প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মহোদয় প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি আমাদের অবহিত করেছেন এবং অফিসিয়াল কার্যক্রম শুরু করতে বলেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি।”

যশোর করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানদুই দশক আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের উদ্যোগে প্রতিষ্ঠিত যশোর করোনারি কেয়ার ইউনিট এখন পূর্ণতা পেতে যাচ্ছে তারই পুত্র, বর্তমান সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের হাত ধরে।
২০০৬ সালে বিএনপি সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় যশোরে একটি পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সে সময় ভবন নির্মাণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের কাজ সম্পন্ন হলেও সরকার পরিবর্তনের পর ইউনিটটি আর পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। চিকিৎসকদের মতে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিগত আওয়ামী লীগ সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিকিৎসা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন কার্যকর করা হয়নি। স্বতন্ত্র ইউনিটটিকে জেনারেল হাসপাতালের একটি কার্ডিয়াক ওয়ার্ড হিসেবে সীমাবদ্ধ রাখা হয়।
অবশেষে বিএনপির নেতৃত্বধীন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ¦ালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের আহ্বানে সাড়া দিয়ে যশোর করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া নির্দেশ দিলেন। এর মাধ্যমে যশোরবাসীর হৃদরোগের চিকিৎসা সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি অনিন্দ্য ইসলাম অমিতের আরেকটি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন হওয়ার পথে।