জাহাঙ্গীরনগরে ছাত্রীকে ধর্ষণচেষ্টা: সিসিটিভিতে দেখা ব্যক্তির তথ্য দিলে পুরস্কার দেবে পুলিশ

0
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত সন্দেহভাজন ওই ব্যক্তির ছবি, যার সন্ধান দিলে পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ।। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণচেষ্টার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্তে জনসাধারণের সহায়তা চেয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা ওই ব্যক্তির ছবি প্রকাশ করে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্ভরযোগ্য তথ্য দিলে পুরস্কার এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তাও দিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক জরুরি জনসচেতনতামূলক বার্তায় ০১৩২০–০৮৯৩০৫ (হোয়াটসঅ্যাপ) নম্বরে তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।

গত মঙ্গলবার রাত ১১টার দিকে ওই ছাত্রী ক্যাম্পাসের পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাঁর পিছু নেন এবং গলায় জাল পেঁচিয়ে অন্ধকারে টেনেহিঁচড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ছাত্রী নিজেকে রক্ষা করে সড়কে চলে আসেন। সড়কে চলাচলকারী কয়েকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। পরে সিসিটিভি ফুটেজে একজনকে দেখা গেলেও তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরদিন বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন।

ঘটনার বিচার ও আসামি গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার না হওয়ায় গতকাল শুক্রবার মধ্যরাতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রাত দুইটার দিকে বিশেষভাবে নারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন অপরাধী গ্রেপ্তারে ব্যর্থ হওয়ার পাশাপাশি ঘটনার তথ্য গোপন, বিভ্রান্তি সৃষ্টি এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে। প্রক্টর কার্যালয়ের দুটি দরজার তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দেন তাঁরা। পাশাপাশি আগামীকাল রোববার থেকে নতুন প্রশাসনিক ভবন অবরোধের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। সারা রাত অবস্থানের পর আজ সকাল পৌনে ১০টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে হলে ফিরে যান শিক্ষার্থীরা।