সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গোলাগুলি, অপহৃত ৪ জেলে উদ্ধার

0

বাগেরহাট সংবাদদাতা, লোকসমাজ : বাগেরহাটের সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেকে এ ঘটনা ঘটে। গোলাগুলির পর হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে বনরক্ষীরা। এ সময় বনদস্যুদের ব্যবহৃত একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন— শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান ও মো. হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম এবং দাকোপ উপজেলার ইরাক শেখ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, শেলারচর টহল ফাঁড়ির সিঙারটেক এলাকায় শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিমের যৌথ টহলের সময় বনদস্যুদের উপস্থিতি টের পেয়ে অভিযান চালানো হয়। এ সময় দস্যুরা বনকর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়লে বনরক্ষীরাও পাল্টা গুলি চালান। বনকর্মীরা মোট সাত রাউন্ড গুলি ছোড়েন।

তিনি আরও জানান, গোলাগুলির একপর্যায়ে দস্যুরা তাদের ট্রলার ও চার জিম্মিকে রেখে পালিয়ে যায়। পরে জেলেদের হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে শেলারচর টহল ফাঁড়িতে নেওয়া হয়। উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডিএফও জানান, অভিযানে জড়িত বনদস্যুরা শরীফ বাহিনীর সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।