পাইকারিতে ১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়াতে চায় পিডিবি

0
কারিগরি কমিটি গঠন করেছে বিইআরসি; খুচরা পর্যায়েও আনুপাতিক হারে দাম বাড়ার শঙ্কা ।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির রেশ কাটতে না কাটতেই এবার বিদ্যুতের মূল্যবৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। দেশের একমাত্র পাইকারি বিদ্যুৎ বিক্রেতা প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি পর্যায়ে ১৭ থেকে সর্বোচ্চ ২১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বিইআরসি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার কমিশনের সভায় এই প্রস্তাবটি আমলে নিয়ে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে।

পিডিবির প্রস্তাব অনুযায়ী, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে পাইকারি বিদ্যুতের গড় দাম প্রতি ইউনিট ৭ টাকা ৪ পয়সা। পাইকারির সঙ্গে সমন্বয় করে খুচরা বা গ্রাহক পর্যায়েও আনুপাতিক হারে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে সাধারণ গ্রাহকের ক্ষেত্রে প্রতি ইউনিটে সর্বোচ্চ ১ টাকা ৩৮ পয়সা পর্যন্ত খরচ বাড়তে পারে। তবে পিডিবি বলছে, ৭৫ ইউনিটের কম ব্যবহারকারী অর্থাৎ ৬৩ শতাংশ স্বল্প ব্যবহারকারীর ওপর চাপ না বাড়িয়ে বেশি ব্যবহারকারী ৩৭ শতাংশ গ্রাহকের ওপর এই বাড়তি দাম আরোপের চিন্তা করা হচ্ছে।

সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। বর্তমানে খুচরা বিদ্যুতের গড় দাম ইউনিট প্রতি ৮ টাকা ৯৫ পয়সা। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, বিতরণ সংস্থাগুলোর প্রস্তাব জমা হওয়ার পর কারিগরি কমিটি সেগুলো মূল্যায়ন করবে এবং এরপর গণশুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম এই উদ্যোগের তীব্র সমালোচনা করে বলেন, ঘাটতি দেখিয়ে দাম বাড়ানো কোনো সমাধান নয়। বিদ্যুৎ উৎপাদনে যে ৪০ শতাংশ বাড়তি খরচ আছে, তা কমিয়ে ভর্তুকি সমন্বয় করা জরুরি।