পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা অব্যাহত, আসানসোলে দলীয় কার্যালয়ে আগুন-ভাঙচুর

0
পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতায় আসানসোলে দলীয় কার্যালয়ে আগুন

লোকসমাজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন ফল ঘোষণার দুই দিন পরও ভোট-পরবর্তী সহিংসতা থামেনি। বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাতে আসানসোল শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসের একাধিক কার্যালয়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। আসানসোল কোর্ট মোড় এলাকায় একটি দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে পাশের একটি কেকের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে।
এছাড়া রূপনারায়ণপুর টোল প্লাজা, কুমারপুর, কুলটি, রানিগঞ্জ, জামুড়িয়া, বারাবনি ও বার্নপুর এলাকায়ও তৃণমূলের একাধিক কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। কিছু স্থানে দলীয় কার্যালয় গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।
তবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এসব ঘটনার দায় অস্বীকার করেছে। দলটির নবনির্বাচিত বিধায়কদের দাবি, তাদের কর্মীরা এসব ঘটনার সঙ্গে জড়িত নন; বরং কিছু দুষ্কৃতী দলের নাম ব্যবহার করে অশান্তি তৈরির চেষ্টা করছে।
এদিকে ভোট-পরবর্তী সহিংসতা রোধে কঠোর অবস্থান নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, কোথাও সহিংসতা বা ভাঙচুরের ঘটনা ঘটলে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি রাজ্যের মুখ্যসচিব, পুলিশ মহাপরিদর্শক (ডিজি), কলকাতা পুলিশের কমিশনার এবং কেন্দ্রীয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সর্বদা নজরদারি জোরদার করতে বলা হয়েছে।