শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত পশুচিকিৎসক উদ্ধার, আটক ১

অপহরণের ঘটনায় শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের মাহামুদুল হাসান ডনকে আটক করা হয়েছে

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা, লোকসমাজ : ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বৈশখালী গ্রামের পশুচিকিৎসক অনিমেষ পরমান্যকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (৪ মে) সকাল পৌনে ১০টার দিকে সুন্দরবনের ধোলাই খাল এলাকা থেকে একটি জেলে নৌকার মাধ্যমে তাকে মীরগাং এলাকায় নিয়ে আসা হয়। পরে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, অপহরণের ঘটনায় শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের মাহামুদুল হাসান ডনকে আটক করা হয়েছে। অন্যান্য জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২ মে সকালে গরুর চিকিৎসার কথা বলে অনিমেষকে সুন্দরবন বাজার থেকে ডেকে নিয়ে যান ট্যাংরাখালীর আশরাফ নামের এক ব্যক্তি। পরে তাকে সুন্দরবনের গভীরে নিয়ে গিয়ে তার নিজ মোবাইল ফোন থেকেই স্ত্রী সবিতা রানীর কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় তাকে শারীরিক নির্যাতনও করা হয়।

ঘটনার পর শনিবার রাতে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হলে পুলিশ তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে।

পরবর্তীতে অপহরণকারীদের নির্দেশনা অনুযায়ী রবিবার রাত ৯টার দিকে মুক্তিপণের টাকা নিয়ে মীরগাং এলাকায় যান ভুক্তভোগীর স্ত্রী ও স্বজনরা। এ সময় পুলিশও গোপনে অবস্থান নেয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা আর যোগাযোগ করেনি।

এদিকে সোমবার সকাল ১০টায় কোস্টগার্ড, পুলিশ ও বনবিভাগের যৌথ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই অপহরণকারীরা অনিমেষকে ছেড়ে দেয়। ধোলাই খাল এলাকায় একটি জেলে নৌকায় তুলে দিয়ে তাকে মুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ অপহরণের পরিকল্পনায় কয়েকজন স্থানীয় ব্যক্তি জড়িত থাকতে পারেন। তাদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।