হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৩০০ ছাড়াল

0
হামে শিশুর মৃত্যুতে স্বজনহারাদের কান্না থামছে না ।। ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা দেশে প্রথম হাম শনাক্ত হওয়ার পর গত ৫০ দিনের মধ্যে সর্বোচ্চ। এর মধ্য দিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩১১ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মৃত ১৭ শিশুর মধ্যে ১৫ জনই মারা গেছে হামের উপসর্গ নিয়ে। বাকি ২ জন হামে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে অধিদপ্তর। গত ৫০ দিনের পরিসংখ্যানে দেখা যায়, মোট মৃতের মধ্যে ২৫৯ জনই মারা গেছে হামের উপসর্গ নিয়ে এবং ৫২ জন সরাসরি হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে।

অধিদপ্তর জানায়, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব সংগ্রহ করা হয়েছে। মৃতদের মধ্যে সর্বোচ্চ ১২ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, আর বাকি ৫ জন চট্টগ্রাম বিভাগের। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০২ জন শিশুর মধ্যে নতুন করে হামের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে ৬১৮ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী ও বরিশালে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য। বর্তমানে সারা দেশের ৮টি বিভাগে ১ হাজার ২৬ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে একই সময়ে ১ হাজার ৬১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।