যশোরে তারেক রহমানের জনসভা হবে স্মরণকালের সর্ববৃহৎ : নার্গিস বেগম

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৭ এপ্রিল যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা সফল করার লক্ষ্যে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার শেখহাটি হাইকোর্ট মোড়স্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, আগামী ২৭ এপ্রিল যশোরের রাজনৈতিক ইতিহাসে স্মরণকালের সর্ববৃহৎ জনসভা অনুষ্ঠিত হবে। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সময় যশোরের মানুষ তাদের প্রতি সর্বোচ্চ আস্থা রেখেছিল। তাদের যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি এই জেলার মানুষ সেই আস্থার ধারাবাহিকতা রেখেছে।

আগামী ২৭ এপ্রিল ঐতিহাসিক জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে সেটি প্রমাণিত হবে। যশোরে বিএনপির প্রতিটি রাজনৈতিক কর্মসূচি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ হিসেবে প্রমাণিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সর্ববৃহৎ জনসভায়ও তার ব্যত্যয় ঘটবে না। কার্যত ওই দিন সমগ্র যশোর শহর জনসমুদ্রে পরিণত হবে।

নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলা উদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লাল্টু, যুগ্ম-সম্পাদক আসাদুল আলম ঝন্টু প্রমুখ। সভা পরিচালনা করেন সদর উপজেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক সুফিয়া মাহমুদ রেখা।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে যশোর নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে যশোর জেলা বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভা শেষে প্রচার মিছিল বের হয়।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।