১৬ বছর পর আজ থেকে দেশজুড়ে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা

0
দীর্ঘ ১৬ বছরের বিরতি কাটিয়ে সারাদেশে শুরু হলো ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা।। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এই বৃত্তি পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এই পরীক্ষার সূচি অনুমোদন করা হয়েছিল। প্রকাশিত সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।

দেশের তিন পার্বত্য জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পরীক্ষা অনুষ্ঠিত হবে ভিন্ন সময়সূচিতে। সেখানে ১৭ এপ্রিল গণিত পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শেষ হবে।

উল্লেখ্য, বাংলাদেশে সর্বশেষ পূর্ণাঙ্গ প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালে। ২০০৯ সাল থেকে ‘প্রাথমিক শিক্ষা সমাপনী’ (পিইসি) পরীক্ষা চালুর ফলে আলাদাভাবে এই পরীক্ষা বন্ধ হয়ে যায়। ২০২২ সালে পরীক্ষামূলকভাবে একবার এই পরীক্ষা নেওয়া হলেও পরবর্তীতে তা স্থগিত ছিল। দীর্ঘ সময় পর এই পরীক্ষার পুনঃপ্রবর্তনে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।