২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা ব্যর্থ, পরস্পরকে দুষছে যুক্তরাষ্ট্র ও ইরান

0
মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ‘চূড়ান্ত প্রস্তাব’ দিয়ে টেবিল ছাড়ল যুক্তরাষ্ট্র; ‘অযৌক্তিক’ দাবির অভিযোগ ইরানের।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক॥ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও উত্তেজনা নিরসনে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘ ২১ ঘণ্টার উচ্চপর্যায়ের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হয়েছে। দীর্ঘ বৈঠক শেষে আজ রবিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, তেহরানকে ওয়াশিংটনের ‘চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব’ দেওয়ার পর তিনি আলোচনার টেবিল ছেড়ে যাচ্ছেন। অন্যদিকে, আলোচনা ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক দাবি’কে দায়ী করেছে ইরান।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ছিল দুই দেশের মধ্যে অনুষ্ঠিত সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। গত ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় পুরো মধ্যপ্রাচ্য যখন যুদ্ধাবস্থায়, তখন পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনার আয়োজন করা হয়। জেডি ভ্যান্স জানান, ওয়াশিংটন মূলত ইরানের কাছ থেকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে একটি ‘মৌলিক প্রতিশ্রুতি’ চেয়েছিল, যা এই আলোচনায় পাওয়া যায়নি।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি প্রতিনিধিদল জাতীয় স্বার্থ রক্ষায় নিবিড়ভাবে আলোচনা চালালেও যুক্তরাষ্ট্রের একপাক্ষিক ও অযৌক্তিক দাবির কারণে অগ্রগতি সম্ভব হয়নি। বিশেষ করে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদা আলোচনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার ফলাফল নিয়ে নির্লিপ্ততা প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, ইরানের সামরিক অবকাঠামো ধ্বংসের মাধ্যমে যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে ইতিপূর্বেই বিজয় অর্জন করেছে। ফলে চুক্তি হওয়া বা না হওয়া তাঁর কাছে বড় কোনো বিষয় নয়। আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের পক্ষে জেডি ভ্যান্সের সঙ্গে জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ এবং ইরানের পক্ষে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নেতৃত্ব দেন।