মহেশপুরে চোর সন্দেহে ভ্যানচালককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে আটক ৩

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে চোর সন্দেহে রিকশাভ্যান চালক জামাল হোসেনকে (৪০) গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার কাকিলাদাড়ী গ্রামে। আহত জামাল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি উপজেলার মির্জাপুর কুমিল্লাপাড়া গ্রামের আব্দুর শহীদের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার যাত্রী নামিয়ে ফেরার পথে কাকিলাদাড়ী গ্রামের লোকজন তাকে ভ্যান চোর সন্দেহে আটক করে। কিছুদিন আগে ওই গ্রামের একটি ভ্যান চুরি হওয়ায় সন্দেহের বসে তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর শুরু করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে আটক করে। আটকরা হলেন, কাকিলাদাড়ী গ্রামের তরিকুল ইসলাম, মো. শিমুল ও মতিয়ার রহমান। ভুক্তভোগীর স্ত্রী আঞ্জুআরা খাতুন বলেন,আমরা গরিব মানুষ আমার স্বামীকে এমন ভাবে মারধর করেছে তিনি আর কাজ করতে পারবেন কিনা জানি না। চিকিৎসার খরচ বহন করাও আমাদের পক্ষে সম্ভব না।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, কোমর থেকে পা পর্যন্ত আঘাতের কারণে রক্ত জমাট বেঁধেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের নজরে আসে। পরে ভুক্তভোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।