প্রেক্ষাগৃহে অ্যাডাল্ট সিনেমায় অপ্রাপ্তবয়স্ক দর্শক: বাড়ছে উদ্বেগ ও স্বাস্থ্যঝুঁকি

0
‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’ পেয়েছে ‘এ’ (অ্যাডাল্ট অনলি) সার্টিফিকেট।। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক ॥ এবারের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে তিনটিকে ‘এ’ (অ্যাডাল্ট অনলি) বা প্রাপ্তবয়স্কদের জন্য সনদ দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। তবে বাস্তব চিত্রে দেখা গেছে, বিধিনিষেধ তোয়াক্কা না করেই অনেক অভিভাবক তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদের নিয়ে এসব সিনেমা উপভোগ করছেন। রাজধানীর একাধিক প্রেক্ষাগৃহ দেখা যায়, ‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, ‘প্রেশার কুকার’ ও ‘রাক্ষস’-এর মতো প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সিনেমাগুলোতেও শিশুদের অবাধ প্রবেশ ঘটছে।

প্রেক্ষাগৃহের মালিকেরা জানিয়েছেন, উৎসবের মৌসুমে বাড়তি চাপের কারণে তারা অনেক সময় কঠোর হতে পারছেন না। অভিভাবকদের সচেতনতার অভাব এবং সরাসরি টিকিট কাটার সময় রেটিং সংক্রান্ত তথ্যকে গুরুত্ব না দেওয়া পরিস্থিতিকে আরও জটিল করছে। মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোহিত কামাল এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, অল্প বয়সে অ্যাডাল্ট কনটেন্ট দেখলে শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং তারা সময়ের আগেই প্রাপ্তবয়স্কদের মতো আচরণ শুরু করে, যা দীর্ঘমেয়াদে নৈতিক ও মানসিক অবক্ষয় ঘটাতে পারে।

অন্যদিকে নির্মাতারা বলছেন, গল্পের প্রয়োজনে আন্তর্জাতিক মান বজায় রাখতে তারা নির্দিষ্ট রেটিংয়ের সিনেমা বানাচ্ছেন, তবে দর্শকদের সচেতন হওয়া এখন সময়ের দাবি। সার্টিফিকেশন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নজরদারি দল সক্রিয় রয়েছে, তবে মূল দায়িত্ব পালন করতে হবে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ ও অভিভাবকদের।