‘সপ্তাহে ৩ দিন হোম অফিস’ সংক্রান্ত চিঠিটি ভুয়া: জনপ্রশাসন মন্ত্রণালয়

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করে সপ্তাহে তিন দিন ‘হোম অফিস’ চালুর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠিকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেনের সই করা এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য দেখিয়ে সরকারি দপ্তরগুলোর কার্যদিবস কমানোর যে তথ্য প্রচার করা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। জনপ্রশাসন মন্ত্রণালয় এ ধরনের কোনো দাপ্তরিক আদেশ বা চিঠি জারি করেনি বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, একটি কুচক্রী মহল জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভুয়া চিঠিটি ছড়িয়ে দিয়েছে। সরকারি কোনো সিদ্ধান্ত ব্যতিরেকে এ ধরনের সংবেদনশীল বিষয়ে তথ্য প্রচার করা দণ্ডনীয় অপরাধ।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সরকারি অফিসের স্বাভাবিক কার্যক্রম আগের মতোই অব্যাহত রয়েছে এবং সময়সূচি পরিবর্তনের কোনো পরিকল্পনা আপাতত নেই। এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত না নিতে এবং সাধারণ মানুষকে সচেতন থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় এই ভুয়া চিঠির উৎস খুঁজে বের করতে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুয়া খবরের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের নাগরিকের প্রতি আহ্বান জানানো হয়েছে।