৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশের দাবিতে এমপি আমির হামজাকে আইনি নোটিশ

0
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আমির হামজা ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ রাখার জন্য ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবদাতাদের নাম জনসমক্ষে প্রকাশের দাবিতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসানের পক্ষে কুষ্টিয়া আদালতের আইনজীবী আব্দুল মজিদ এই নোটিশটি পাঠান। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে প্রস্তাবকারীদের পরিচয় প্রকাশ বা তাদের আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি কুষ্টিয়ায় একটি ইফতার মাহফিলে বক্তব্যকালে সংসদ সদস্য আমির হামজা দাবি করেন, মেডিকেল কলেজ প্রকল্পের জন্য তাকে ৩ দিনে ৫০ কোটি টাকার বেশি ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, শরিয়াহ ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ঘুষদাতা ও গ্রহীতা উভয়ই সমান অপরাধী। অপরাধীদের নাম প্রকাশ না করে কেবল নিজেকে ‘ভালো মানুষ’ হিসেবে প্রচার করা এবং তাদের আড়াল করা অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার শামিল। নোটিশদাতা হৃদয় হাসান জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজের পূর্ণাঙ্গ চালুর পথে কারা অন্তরায় সৃষ্টি করছে, তা দেশবাসী জানতে চায়। অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা ও আন্দোলনের ডাক দেওয়া হবে। সংসদ সদস্যের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে সরাসরি বক্তব্য পাওয়া না গেলেও তার পরিবার জানিয়েছে, নোটিশ হাতে পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।