চৈত্র মাসে পঞ্চগড়ে অকাল কুয়াশার চাদর: প্রকৃতিতে বিচিত্র রূপ

0
কুয়াশার ঘন আস্তরণে ঢেকে গেছে চারদিক। এরই মধ্যে মাঠে গরু নিয়ে বের হয়েছেন এক কৃষক। আজ বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে পঞ্চগড় সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ঋতুচক্রের অমোঘ নিয়মে এখন চৈত্র মাস। চারদিকে যখন কাঠফাটা রোদের দাপট থাকার কথা, ঠিক তখনই পঞ্চগড়ে দেখা মিলল ঘন কুয়াশার এক ব্যতিক্রমী দৃশ্য। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উত্তর জনপদের এই জেলায় শীতকালীন আবহাওয়ার মতো ঘন কুয়াশা ও শিশিরবিন্দু ঝরতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা এই অকাল কুয়াশাকে অস্বাভাবিক হিসেবে বর্ণনা করেছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। আবহাওয়াবিদদের মতে, এটি মূলত ‘স্টিম ফগ’ বা ‘বাষ্পীয় কুয়াশা’। দখিনা বাতাস, মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং তাপমাত্রার আকস্মিক ওঠানামার কারণে জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুয়াশার কারণে সকালে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়। এদিকে, অসময়ের এই কুয়াশায় শ্বাসতন্ত্রের ক্ষতি এড়াতে এবং ঋতু পরিবর্তনের শারীরিক সমস্যা থেকে বাঁচতে শিশু ও বয়স্কদের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।