শচীনের রেকর্ড কি ভাঙবেন সূর্যবংশী? ১৫ বছরেই জাতীয় দলের ডাক পাওয়ার গুঞ্জন

0
কাল ফিফটির পর সূর্যবংশী ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ ভারতীয় ক্রিকেটে নতুন এক বিস্ময়বালকের নাম বৈভব সূর্যবংশী। গত আইপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া এই ব্যাটার এবারও শুরু করেছেন বিধ্বংসী মেজাজে। গত রাতে চেন্নাইয়ের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ১৫ বলে ফিফটি পূর্ণ করে ১৭ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন তিনি। এই ঝোড়ো ইনিংসের পর ১৫ বছর বয়সী এই কিশোরের জাতীয় দলে অন্তর্ভুক্তির আলোচনা এখন তুঙ্গে।

আইসিসির নিয়ম অনুযায়ী ১৫ বছর পূর্ণ হওয়ায় সূর্যবংশীর আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করার পথে এখন আর কোনো আইনি বাধা নেই। বর্তমানে ভারতের হয়ে কনিষ্ঠতম অভিষেকের রেকর্ডটি শচীন টেন্ডুলকারের (১৬ বছর ২০৫ দিন)। সূর্যবংশী যেভাবে এগোচ্ছেন, তাতে শচীনের সেই ঐতিহাসিক রেকর্ড ভেঙে যাওয়ার জোরালো সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। ভারতের সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলে মনে করেন, সূর্যবংশীর মতো ধারাবাহিক পারফর্মারকে শচীনের মতোই দ্রুত জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত। সাবেক ব্যাটসম্যান আম্বাতি রাইডুও তাঁকে দেশের অন্য তরুণদের চেয়ে আলাদা ও বিশেষ প্রতিভাবান হিসেবে অভিহিত করেছেন।

বয়সভিত্তিক ক্রিকেটেও সূর্যবংশী নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮০ বলে ১৭৫ রানের রেকর্ড গড়া ইনিংস খেলে টুর্নামেন্ট-সেরার স্বীকৃতি পেয়েছিলেন তিনি। রাজস্থান রয়্যালস অধিনায়ক রায়ান পরাগ জানিয়েছেন, এই কিশোর প্রতিভাকে মিডিয়ার চাপ থেকে আগলে রাখার চেষ্টা করছে দল। গতকাল ১২৮ রানের লক্ষ্য তাড়ায় পাওয়ারপ্লেতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করেছেন সূর্যবংশী। নিজের ব্যাটিং নিয়ে এই তরুণ তুর্কি বলেন, “পরিকল্পনা ছিল পাওয়ারপ্লেতেই বড় শট খেলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া।”