এক দিনে ৮৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার; কারাদণ্ড ও লাখ টাকা জরিমানা

0
জ্বালানি তেলের অবৈধ মজুত বিরোধী অভিযান জোরদার; এ পর্যন্ত জব্দ প্রায় ৩ লাখ লিটার ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট মোকাবিলায় সরকারের কঠোর অভিযানে গত এক দিনে ৮৭ হাজার ৭০০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন এবং ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রল রয়েছে। এ নিয়ে দেশজুড়ে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত মোট ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হলো।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র (যুগ্ম সচিব) মনির হোসেন চৌধুরী। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ৬৪ জেলায় মোট ৩ হাজার ৫৫৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার এক দিনে ৩৯১টি অভিযানে ১৯১টি মামলা দায়ের এবং ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া সাতক্ষীরা, গাজীপুর ও চাঁদপুরে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়।

জ্বালানি বিভাগ জানায়, চলতি মাসে এ পর্যন্ত ১ হাজার ২৪৪টি মামলায় মোট ৮৪ লাখ ৫১ হাজার টাকা জরিমানা এবং ১৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে দেশে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন ডিজেল, ৭ হাজার ৯৪০ টন অকটেন এবং ১১ হাজার ৪৩১ টন পেট্রল মজুত রয়েছে। নিয়মিত আমদানি ও খালাস প্রক্রিয়া সচল থাকায় তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই বলে আশ্বস্ত করা হয়েছে। তবে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান আরও জোরদার করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।