জ্বালানি সাশ্রয়ে স্কুল পর্যায়ে অনলাইন ক্লাসের চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে স্কুল পর্যায়ে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ক্লাসের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

শিক্ষাব্যবস্থার পরিকল্পনার বিষয়ে মন্ত্রী আরও বলেন, এখন থেকে সপ্তাহে ৬ দিন ক্লাস খোলা রাখার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে কাজ করছে সরকার। ডিসেম্বর মাসের পরিবর্তে পরবর্তী বছরের এপ্রিল ও জুনে পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় পর্যায়ে ক্ষতি বলে উল্লেখ করেন তিনি।