হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনায় ইরানের অনুমোদন

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের সংসদীয় কমিটি। ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফারস এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের একজন সদস্য এ পরিকল্পনা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। এ পরিকল্পনায় যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

পরিকল্পনায় আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশগ্রহণকারী অন্যান্য দেশকেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিষিদ্ধ করা হবে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, হরমুজ প্রণালিতে নতুন টোল ব্যবস্থা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা করেছে। এতে বলা হয়, ওমানের সহযোগিতা নিয়ে এ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।